মো. শিহাব উদ্দিন
গোপালগঞ্জ প্রতিনিধি
খেলাধুলাকে সামাজিক সম্প্রীতি, নেতৃত্ব বিকাশ এবং সম্প্রদায়ভিত্তিক উন্নয়নের কার্যকর মাধ্যম হিসেবে গড়ে তুলতে বাংলাদেশে কমিউনিটি স্পোর্টস টিম (CST) লেভেল-১ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
গত ২৭ জুন, বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা ৭টা ১৫ মিনিট পর্যন্ত ঘোষেরচর ব্যাপ্টিস্ট চার্চের কনফারেন্স হলে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণের আয়োজন করে মেসিয়ানিক ফ্যামিলি সেন্টার ইন্টারন্যাশনাল বাংলাদেশ। কর্মশালাটি পরিচালনা করেন ওয়ার্ল্ড স্পোর্ট মিনিস্ট্রিজ (WSM)–এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা গ্রান্ট শেপার্ড (Grant Shepard)।
প্রশিক্ষণে বিভিন্ন বর্ণ, জাতিগোষ্ঠী, বয়স ও ধর্মীয় সম্প্রদায়ের ৩৮ জন অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন। আয়োজকদের ভাষ্য, খেলাধুলার মাধ্যমে সমাজে ইতিবাচক সম্পৃক্ততা বৃদ্ধি, পারস্পরিক সম্পর্ক গড়ে তোলা এবং সামাজিক সম্প্রীতি জোরদার করাই ছিল এ প্রশিক্ষণের মূল লক্ষ্য।
প্রশিক্ষণে গ্রান্ট শেপার্ড বলেন, বাংলাদেশের প্রায় ৮০ শতাংশ মানুষ, অর্থাৎ আনুমানিক ১৪ কোটি ২০ লাখ মানুষ খেলাধুলার প্রতি আগ্রহী। এই বিশাল জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে খেলাধুলাকে সামাজিক পরিবর্তন, পারস্পরিক সহযোগিতা এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে আস্থা তৈরির কার্যকর মাধ্যম হিসেবে ব্যবহার করা সম্ভব।
তিনি বলেন, “খেলাধুলা এমন একটি সার্বজনীন প্ল্যাটফর্ম, যা সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় বিভাজন অতিক্রম করে মানুষকে একত্রিত করতে পারে। খেলাধুলাভিত্তিক সেবামূলক কার্যক্রমের মাধ্যমে অর্থবহ সম্পর্ক গড়ে তোলা এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।”
প্রশিক্ষণে নেপাল থেকে আগত প্রশিক্ষণ সহযোগী বুদ্ধ (Buddha) নেপালে কমিউনিটি স্পোর্টস টিম (CST) কার্যক্রম বাস্তবায়নের অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি খেলাধুলাভিত্তিক সম্প্রদায় উন্নয়নের বিভিন্ন মডেল, অংশগ্রহণ বৃদ্ধি এবং স্থানীয় জনগণের সম্পৃক্ততা নিশ্চিত করার কার্যকর কৌশল উপস্থাপন করেন।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা নেতৃত্ব বিকাশ, সমাজসেবা, স্বেচ্ছাসেবী কার্যক্রম এবং সম্পর্ক উন্নয়নে খেলাধুলার ব্যবহার নিয়ে বাস্তবভিত্তিক জ্ঞান ও দক্ষতা অর্জন করেন।
অনুষ্ঠান শেষে আয়োজকেরা অংশগ্রহণকারীদের সক্রিয় উপস্থিতির জন্য ধন্যবাদ জানান। পাশাপাশি, সারা দেশে খেলাধুলাভিত্তিক সামাজিক উদ্যোগ সম্প্রসারণ এবং আরও বেশি কমিউনিটিকে এ কার্যক্রমের আওতায় আনার প্রত্যয় ব্যক্ত করেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *