মোরশেদ মিয়া
গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার সাঘাটা উপজেলায় পারিবারিক কলহের জেরে নাতির ছুরিকাঘাতে এক বৃদ্ধা নিহত এবং তাঁর স্বামী গুরুতর আহত হয়েছেন। বুধবার (১ জুলাই) দুপুরে উপজেলার খামার পবন তাইড় গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত বৃদ্ধার নাম মোছা. ফেরেজা বেগম (৬৫)। গুরুতর আহত হয়েছেন তাঁর স্বামী আব্দুল করিম। অভিযুক্ত শাকিল (১৯) ওই দম্পতির নাতি এবং রফিকুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শাকিল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদকাসক্তিকে কেন্দ্র করে তার স্ত্রী অভিমান করে বাবার বাড়িতে চলে যান। বুধবার দুপুরে স্ত্রীকে ফিরিয়ে আনার বিষয় নিয়ে দাদা-দাদির সঙ্গে শাকিলের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে তিনি ধারালো অস্ত্র দিয়ে দাদা ও দাদিকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন।
ছুরিকাঘাতে রক্তাক্ত অবস্থায় দুজন মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে শাকিলকে আটক করেন এবং সাঘাটা থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে হেফাজতে নেয়।
এদিকে আহত দাদা-দাদিকে উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তবে হাসপাতালে নেওয়ার পথেই ফেরেজা বেগম মারা যান। আহত আব্দুল করিম আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *