মোঃ মানিক মিয়া
বিশেষ প্রতিনিধি
রংপুর মহানগর পুলিশের (আরপিএমপি) তাজহাট থানার ধারাবাহিক অভিযানে পর্নোগ্রাফি অপরাধ ও মাদক সেবনের অভিযোগে দুইজন আসামী গ্রেফতার হয়েছেন। অপরাধ দমনে পুলিশের এই দ্রুত ও কার্যকর পদক্ষেপ স্থানীয় মহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর অধীনে দায়ের হওয়া একটি মামলার তদন্তে তাৎক্ষণিক অভিযান চালিয়ে এজাহারভুক্ত প্রধান আসামী ধনী রায় (২১)-কে গ্রেফতার করে তাজহাট থানা পুলিশ। অভিযোগ রয়েছে, তিনি এক তরুণীর ব্যক্তিগত ও অন্তরঙ্গ মুহূর্তের ছবি ও ভিডিও গোপনে ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে দীর্ঘদিন মানসিক নির্যাতন করে আসছিলেন।
তাজহাট থানার অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমানের নেতৃত্বে এসআই মোসাদ্দেকুল ইসলাম এবং সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে লালবাগ এলাকা থেকে রাতেই আসামীকে আটক করতে সক্ষম হন। পুলিশের এই দ্রুত পদক্ষেপ ভুক্তভোগীর নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
অন্যদিকে একই দিনে পৃথক আরেক অভিযানে মাদক সেবনের অপরাধে শাহিন মিয়া (৬৫) নামে একজনকে বোকরাম সোহেলের পার্ক এলাকা থেকে গ্রেফতার করা হয়। এএসআই পল্লব চন্দ্র সেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন।
সচেতন মহল মনে করছে, তাজহাট থানার এমন দৃঢ় ও পেশাদার ভূমিকা অপরাধ নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব ফেলবে। বিশেষ করে সাইবার অপরাধ ও মাদকবিরোধী অভিযানে পুলিশের কঠোর অবস্থান সাধারণ মানুষের মধ্যে আস্থা আরও বাড়িয়েছে।
স্থানীয়রা বলেন, অপরাধীদের বিরুদ্ধে তাজহাট থানার ধারাবাহিক অভিযান প্রমাণ করে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ সর্বদা সজাগ ও সক্রিয় রয়েছে।
