মোরশেদ মিয়া
প্রতিনিধি গাইবান্ধা

গাইবান্ধার সাঘাটা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৪০ পিস ইয়াবা ও মাদক কেনা বেচার নগদ টাকা উদ্ধারসহ এক মাদক ব্যবসায়ী ও এক মাদক ক্রেতাকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১৬ জুন) রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে সাঘাটা থানার রাত্রিকালীন মোবাইল টিম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কচুয়া ইউনিয়নের চন্দনপাট এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় চন্দনপাট গ্রামের একটি বাড়ির আঙিনায় মাদক কেনাবেচার তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।
অভিযানকালে পুলিশ চন্দনপাট গ্রামের মো. জুয়েল মন্ডল (৪৫) এবং রাঘবপুর গ্রামের মো. মতিয়ার রহমান (৫২)-কে আটক করে। পরে তল্লাশির এক পর্যায়ে জুয়েল মন্ডলের হেফাজত থেকে ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে মতিয়ার রহমানের কাছ থেকে মাদক ক্রয়ের জন্য রাখা নগদ ৩ হাজার টাকা জব্দ করা হয়।
পুলিশ জানায়, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ হাজার টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা মাদক ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানা গেছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় সাঘাটা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুব আলম বলেন, “মাদকের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে সাঘাটা থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। সমাজ থেকে মাদকের ভয়াবহতা দূর করতে পুলিশ সর্বদা কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।”
স্থানীয় সচেতন মহল মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযানের প্রশংসা করে বলেন, যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পরিবার ও সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *