মোঃ মানিক মিয়া
বিশেষ প্রতিনিধি
রংপুর মহানগরীর হাজীরহাট থানা এলাকায় মাদকবিরোধী অভিযানে মাদক সেবনরত অবস্থায় দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৩ জুন) ভোর ৫টা ২০ মিনিটে হাজীরহাট থানাধীন দেড়হালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভেতর থেকে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন বিকাশ চন্দ্র (২৫), পিতা মৃত পলিন চন্দ্র এবং শুভঙ্কর মহন্ত (২২), পিতা বিমল মহন্ত। উভয়ের বাড়ি রংপুর সদর উপজেলার অতিরামপুর যুগীপাড়া এলাকায়।
পুলিশ জানায়, উপ-পুলিশ কমিশনার (অপরাধ), রংপুর মেট্রোপলিটন পুলিশের নির্দেশনায় অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি দল এলাকায় ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করছিল। অভিযানের একপর্যায়ে দেড়হালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভেতরে মাদক সেবনরত অবস্থায় দুই যুবককে আটক করা হয়।
এ ঘটনায় হাজীরহাট থানায় রংপুর মহানগরী পুলিশ আইন, ২০১৮-এর ৯০ ধারায় নন-এফআইআর প্রসিকিউশন নং-৫৪/২৬ রুজু করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
