মোঃ নাসিরউদ্দিন
সিনিয়র স্টাফ রিপোর্টার

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে একটি বড় চোলাই মদের আস্তানা ধ্বংস করা হয়েছে। এ সময় ২০০ লিটার চোলাই মদ, বিপুল পরিমাণ মদ তৈরির সরঞ্জাম উদ্ধার এবং এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি পুলিশ সুপারের কাছে গোপন সংবাদের মাধ্যমে তথ্য আসে যে নিয়ামতপুর উপজেলার কয়েকটি স্থানে অবৈধভাবে চোলাই মদ তৈরি ও বিক্রির কার্যক্রম পরিচালিত হচ্ছে। তথ্যের ভিত্তিতে পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করে।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২ জুন ২০২৬) বিকেল সাড়ে ৫টার দিকে নওগাঁ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় নিয়ামতপুর থানার একটি বিশেষ টিম উপজেলার ৮ নম্বর বাহাদুরপুর ইউনিয়নের লটকুড়ি গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানে গ্রামটির একটি বড় চোলাই মদ উৎপাদন কেন্দ্রের সন্ধান পেয়ে সেখানে অভিযান চালানো হয়।
অভিযানকালে ২০০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। পাশাপাশি মদ তৈরির কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে সুমন বাসকি (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি লটকুড়ি গ্রামের কালু বাসকির ছেলে।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত সুমন বাসকি দীর্ঘদিন ধরে চোলাই মদ তৈরি ও বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
নিয়ামতপুর থানার পুলিশ জানিয়েছে, এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে মাদক নির্মূল ও অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
স্থানীয় সচেতন মহল পুলিশের এ অভিযানের প্রশংসা করে বলেছেন, মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান পরিচালনা করলে সমাজ থেকে মাদক ব্যবসা অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *