মোঃ নাসিরউদ্দিন
স্টাফ রিপোর্টার
রাজশাহী রেঞ্জ ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের যৌথ উদ্যোগে রাজশাহী পুলিশ লাইন্স ড্রিল শেডে এক বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ মার্চ) সকাল ১১টায় আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির।
সভায় প্রধান অতিথি পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা, আবেদন ও দাবির বিষয়গুলো মনোযোগসহকারে শোনেন। তিনি পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধি, পেশাগত দক্ষতা উন্নয়ন এবং আইন-শৃঙ্খলা রক্ষায় আরও দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে বাহিনীর কল্যাণ নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনাও প্রদান করেন।
আইজিপি বলেন, দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের আন্তরিকতা, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। জনগণের আস্থা অর্জনের মাধ্যমে একটি মানবিক ও জনবান্ধব পুলিশ বাহিনী গড়ে তোলার ওপর তিনি জোর দেন।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি; রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার ড. মোঃ জিল্লুর রহমান; রাজশাহী জেলার পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছানসহ রাজশাহী রেঞ্জ, আরএমপি ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা।
সভাটি পুলিশ সদস্যদের কল্যাণ, পেশাগত উন্নয়ন এবং বাহিনীর অভ্যন্তরীণ যোগাযোগ জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
