মোঃ নাসিরউদ্দিন
স্টাফ রিপোর্টার
আজ শনিবার (২৮ মার্চ) রাজশাহীর সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমি-তে ৪৩তম বিসিএস (পুলিশ) শিক্ষানবির সহকারী পুলিশ সুপার (এএসপি) ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল এবং রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ।
কুচকাওয়াজে প্রশিক্ষণপ্রাপ্ত নবীন এএসপিরা চমৎকার শৃঙ্খলা, দক্ষতা ও পেশাদারিত্বের প্রদর্শন করেন, যা উপস্থিত অতিথি ও দর্শকদের মুগ্ধ করে। অনুষ্ঠানে অতিথিরা প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় সততা, নিষ্ঠা ও মানবিকতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।
বক্তারা বলেন, আধুনিক ও জনবান্ধব পুলিশ বাহিনী গড়ে তুলতে এ ধরনের প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা নতুন কর্মকর্তাদের জনগণের আস্থা অর্জন এবং সেবামুখী মনোভাব নিয়ে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের শেষে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী প্রশিক্ষণার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় এবং সমাপনী কুচকাওয়াজের মাধ্যমে প্রশিক্ষণের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।
