মোঃ মানিক মিয়া
বিশেষ প্রতিনিধি
রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) হাজীরহাট থানার বিশেষ অভিযানে অবৈধভাবে বালু উত্তোলন করে পরিবহনের সময় ২ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বালুভর্তি একটি ট্রাক্টর জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, উপ-পুলিশ কমিশনার (অপরাধ) আরপিএমপি রংপুর মহোদয়ের নির্দেশনায় এবং হাজীরহাট থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে সোমবার দিবাগত রাত (২ ফেব্রুয়ারি ২০২৬) আনুমানিক রাত ২টা ৪৫ মিনিটে হাজীরহাট থানাধীন নজিরেরহাট রওশন আরা ফিলিং স্টেশনের সামনে দিয়ে কাশেম বাজারগামী পাকা সড়কে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, ঘাঘট নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে ট্রাক্টরের মাধ্যমে পরিবহন করা হচ্ছে। সংবাদ পেয়ে এসআই (নিরস্ত্র) মোঃ আব্দুস সালাম মিয়ার নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ট্রাক্টর রেখে পালানোর চেষ্টা করে অভিযুক্তরা। এ সময় ধাওয়া করে ঘটনাস্থল থেকেই ২ জনকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—
মোঃ আব্দুর রশিদ (৪০), পিতা- মোঃ আব্দুল হাকিম, সাং- সাতগাড়া, থানা- কোতয়ালী, রংপুর এবং
মোঃ ফুল মিয়া (৪১), পিতা- মৃত গণি মিয়া, সাং- রাধাকৃষ্ণপুর (চেয়ারম্যান পাড়া), থানা- হাজীরহাট, রংপুর।
এ ঘটনায় আরও এক আসামী শামছুদ্দোহা (৪০), সাং- ভবানিপুর, থানা- হাজীরহাট পলাতক রয়েছেন।
অভিযানে বালুভর্তি একটি নীল রঙের EICHER 480 ট্রাক্টর (চেসিস নম্বর: 933713038784, ইঞ্জিন নম্বর: S325N91673) জব্দ করা হয়েছে।
এ বিষয়ে হাজীরহাট থানায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারায় মামলা রুজু করা হয়েছে (এফআইআর নং-০২, তারিখ: ৩ ফেব্রুয়ারি ২০২৬)। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
