মোঃ নাসিরউদ্দিন
স্টাফ রিপোর্টার
রাজশাহীর চারঘাট উপজেলার চারঘাট ইউনিয়নের মেরামতপুর গ্রামে পুকুর সংস্কারের নামে ইটভাটায় মাটি বিক্রি এবং জনসাধারণের চলাচলের রাস্তা ক্ষতিগ্রস্ত করার অভিযোগে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (১৫ মে) বেলা সাড়ে ১১টার দিকে অভিযান পরিচালনা করেন চারঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাহাতুল করিম মিজান।
প্রশাসন সূত্রে জানা যায়, পুকুর সংস্কারের আড়ালে অবৈধভাবে মাটি কেটে ইটভাটায় বিক্রি করা হচ্ছিল। এতে স্থানীয় রাস্তা জনসাধারণের চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। অভিযোগের সত্যতা পাওয়ায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী অভিযুক্ত ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ সময় খননকাজে ব্যবহৃত একটি ভেকু মেশিন অকেজো করে দেওয়া হয়। দণ্ডিত ব্যক্তি তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা পরিশোধ করেন এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়াবেন না মর্মে মুচলেকা দেন।
সহকারী কমিশনার (ভূমি) রাহাতুল করিম মিজান বলেন, “পুকুর সংস্কারের নামে অবৈধভাবে মাটি কেটে বিক্রি এবং জনদুর্ভোগ সৃষ্টি কোনোভাবেই বরদাশত করা হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
