মোঃ মানিক মিয়া
বিশেষ প্রতিনিধি
রংপুর মহানগর পুলিশের (আরপিএমপি) হাজীরহাট থানার পৃথক অভিযানে জুয়া ও মাদক সংশ্লিষ্ট ঘটনায় মোট ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৯ মে) ভোররাত পর্যন্ত পরিচালিত এসব অভিযানে জুয়ার সরঞ্জাম, নগদ টাকা ও গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উপ-পুলিশ কমিশনার (অপরাধ) এর নির্দেশনায় অফিসার ইনচার্জের নেতৃত্বে হাজীরহাট থানা পুলিশ ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযানে অংশ নেয়।
প্রথম অভিযানে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে হাজীরহাট থানাধীন বিন্নাটারী গ্রামের একটি পতিত জমিতে অভিযান চালিয়ে প্রকাশ্যে জুয়া খেলার সময় ৩ জনকে আটক করা হয়। এসময় জুয়ার আসরে ব্যবহৃত ৫২টি তাস ও নগদ ২৭০ টাকা উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন রবিউল ইসলাম (৪০), দুলু (৫০) ও একরামুল হক (৪৮)। এ ঘটনায় রংপুর মহানগরী পুলিশ আইন, ২০১৮ এর ৯৩ ধারায় নন-এফআইআর প্রসিকিউশন দায়ের করা হয়েছে।
এদিকে একই রাতে রাত ১১টা ৩০ মিনিটে হাজীরহাট বাজারস্থ সবুজ সেনা শিশু একাডেমী স্কুল মাঠে অভিযান চালিয়ে ২ জনকে আটক করে পুলিশ। তাদের কাছ থেকে ২ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৪০০ টাকা। আটককৃতরা হলেন আব্দুল কুদ্দুস (৩৬) ও রাজু মিয়া (২২)। এ ঘটনায় ৯০ ধারায় মামলা রুজু করা হয়েছে।
অপরদিকে শুক্রবার রাত ১টা ৫৫ মিনিটে হাজীরহাট বাজার সংলগ্ন বাকিউজ্জামান স্কুল মাঠ এলাকায় আরও একটি অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় শরিফুল ইসলাম (৩০) নামে একজনকে আটক করা হয়। তার কাছ থেকে ১ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ২০০ টাকা।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
