মোঃ নাসিরউদ্দিন
সিনিয়র স্টাফ রিপোর্টার
রাজশাহীর মোহনপুর উপজেলার ঐতিহ্যবাহী কামারপাড়া আম বাজারে পুরোদমে শুরু হয়েছে মৌসুমি আমের বেচাকেনা। প্রতিদিন ভোর থেকে গভীর রাত পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা পাইকার ও ব্যবসায়ীদের উপস্থিতিতে বাজারে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। আম চাষি, আড়তদার ও শ্রমিকদের ব্যস্ততায় মুখর হয়ে উঠেছে পুরো এলাকা।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, গোপালভোগ, হিমসাগর, ল্যাংড়া ও আম্রপালি জাতের আমের চাহিদা বেশি থাকায় বাজারে প্রতিদিন বিপুল পরিমাণ আম কেনাবেচা হচ্ছে। উন্নত যোগাযোগ ব্যবস্থা ও ভালো মানের আমের কারণে কামারপাড়া বাজার দেশের অন্যতম গুরুত্বপূর্ণ আম বিপণন কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করেছে।
মোহনপুর উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, অনুকূল আবহাওয়া ও কৃষকদের যথাযথ পরিচর্যার ফলে এ বছর আমের ফলন ভালো হয়েছে। কৃষি বিভাগের সার্বিক তদারকি ও পরামর্শের কারণে উপজেলার আম উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও জানান, নিরাপদ ও মানসম্মত আম উৎপাদনে কৃষকদের বিভিন্ন কারিগরি সহায়তা প্রদান করা হচ্ছে।
রাজশাহী কৃষি विस्तार অধিদপ্তর
কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, রাজশাহী অঞ্চলে আমকে কেন্দ্র করে ব্যাপক অর্থনৈতিক কর্মকাণ্ড সৃষ্টি হয়েছে এবং চলতি মৌসুমে হাজার কোটি টাকার বাণিজ্যের সম্ভাবনা রয়েছে।
স্থানীয় চাষিরা আশা করছেন, আবহাওয়া অনুকূলে থাকলে এবং ন্যায্যমূল্য বজায় থাকলে চলতি মৌসুমে তারা লাভবান হবেন। ফলে মোহনপুরের কামারপাড়া আম বাজারকে ঘিরে পুরো এলাকায় এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
