মোঃ শিহাব উদ্দিন
গোপালগঞ্জ প্রতিনিধি
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গোপালগঞ্জ-এ নতুন সংগঠন “জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম”-এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটেছে। ২৬ মার্চ রাত ১২টা ১ মিনিটে জেলা শহরের লঞ্চঘাট এলাকায় গোপালগঞ্জ জেলা ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন স্বাধীনতা ও বিজয় স্মৃতিস্তম্ভের বেদীতে ফুল দিয়ে সংগঠনটির যাত্রা শুরু হয়।
নবগঠিত এ সংগঠনের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ড. মো. রবিউল ইসলাম। তিনি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এর ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক। পাশাপাশি তিনি একই বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করছেন। তাঁর স্থায়ী ঠিকানা বগুড়ার দুপচাচিয়া উপজেলায়।
শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ও এমএসসি ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে জাপান থেকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ে পিএইচডি ডিগ্রি লাভ করেন।
সংগঠনটির সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন ফাতেমা খাতুন। তিনি একই বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক এবং বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সদস্য সচিব হিসেবেও দায়িত্ব পালন করছেন। তাঁর স্থায়ী ঠিকানা ফরিদপুরের সালথা উপজেলায়।
তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া থেকে বিএসসি ও এমএসসি ডিগ্রি অর্জন করেছেন।
নবগঠিত সংগঠনের নেতৃবৃন্দ জানিয়েছেন, দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, শিক্ষক সমাজের অধিকার রক্ষা এবং জাতীয়তাবাদী চেতনা সমুন্নত রাখতে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।
