নেত্রকোনা (কেন্দুয়া)
প্রতিনিধি
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নে ভরাপাড়া কামিল (স্নাতকোত্তর) মাদরাসার দীর্ঘদিনের শ্রদ্ধাভাজন ও প্রিয় অধ্যক্ষ জনাব মাওলানা আবু সাদেক অদ্য ২৩/০৯/২০২৫ ইং আনুষ্ঠানিকভাবে অবসর গ্রহণ করেছেন। ৩৬ বছর ৬ মাস ২৮ দিনের দীর্ঘ কর্মজীবনের সমাপ্তি ঘটে আজকের এই দিনেই। এ দিনটি তার চাকরি জীবনের শেষ কার্যদিবস ছিল।
অধ্যক্ষ মাওলানা আবু সাদেক এই প্রতিষ্ঠানে ফাজিল (স্নাতক) ও মুক্তাগাছা আব্বাসিয়া আলীয়া মাদরাসায় কামিল (স্নাতকোত্তর) সমাপ্ত করেন। এরপর ফেব্রুয়ারি, ১৯৮৯ সালে ভরাপাড়া কামিল মাদরাসায় কর্মজীবন শুরু করেন একজন আরবি প্রভাষক হিসেবে। পরবর্তীতে তার দক্ষতা, কর্মনিষ্ঠা ও নেতৃত্বগুণের কারণে তিনি একাধিকবার ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন। এরপর ১৩ অক্টোবর, ২০১৩ ইং তারিখে তিনি স্থায়ীভাবে অধ্যক্ষ হিসেবে নিযুক্ত হয়েছেন এবং তখন থেকেই তিনি প্রতিষ্ঠানটির নেতৃত্বে ছিলেন নিরলসভাবে।
আজ তার অবসর উপলক্ষে মাদরাসা কর্তৃপক্ষ, সহকর্মীবৃন্দ, শিক্ষার্থীরা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ একত্রিত হয়ে তাকে এক রাজকীয় বিদায় সংবর্ধনা প্রদান করেছে। গাড়িবহর সহ তাকে তার নিজ বাসভবনে পৌঁছে দেওয়া হয়। গাড়ির পেছনে ছিল একটি দীর্ঘ মোটরসাইকেল বহর—যা ছিল তার প্রতি ভালোবাসা, শ্রদ্ধা এবং কৃতজ্ঞতার এক অনন্য বহিঃপ্রকাশ।
প্রতিষ্ঠানে তার কর্মদক্ষতা, শৃঙ্খলাবোধ এবং আন্তরিক নেতৃত্ব সবসময়ই তিনি প্রশংসিত হয়েছেন। মাদরাসার প্রশাসনিক কাজ থেকে শুরু করে শিক্ষা কার্যক্রম—সর্বক্ষেত্রেই তিনি ছিলেন অনুপ্রেরণার বাতিঘর। বিদায়ের সময় তিনি স্মৃতি হিসেবে প্রতিষ্ঠানে বৃক্ষরোপন করেছেন।
শিক্ষার্থীদের অশ্রুসিক্ত নয়নে, সহকর্মীদের অন্তরের গভীর ভালোবাসায় এবং এলাকাবাসীর শ্রদ্ধা-ভরা বিদায়ে অধ্যক্ষ মাওলানা আবু সাদেকের কর্মজীবনের এই গৌরবোজ্জ্বল অধ্যায়ের অবসান ঘটে। শিক্ষক, শিক্ষার্থী এবং এলাকাবাসী তার অবসর জীবনের সর্বাঙ্গীণ কল্যাণ কামনা করেন।
আজ তার ষাট বছর পূর্ণ হওয়ায় তিনি সরকার নির্ধারিত নিয়ম অনুযায়ী অবসর গ্রহণ করেছেন। তার অবসর প্রতিষ্ঠানটির জন্য যেমন এক শূন্যতা, তেমনি ভবিষ্যতের জন্যও প্রেরণা হয়ে থাকবে।
