মোঃ নাসিরউদ্দিন
স্টাফ রিপোর্টার

রাজশাহীর বাগমারা উপজেলার শ্রীপুর ইউনিয়ন পরিষদে প্রশাসনিক সমন্বয়হীনতা ও নেতৃত্ব সংকটের কারণে জনসেবামূলক কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। এতে বিভিন্ন ধরনের সেবা নিতে এসে চরম দুর্ভোগে পড়ছেন ইউনিয়নের সাধারণ জনগণ।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইউনিয়ন পরিষদে বর্তমানে কোনো মনোনীত প্যানেল চেয়ারম্যান না থাকায় গুরুত্বপূর্ণ অনেক সিদ্ধান্ত গ্রহণে জটিলতা সৃষ্টি হয়েছে। এদিকে ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক বর্তমানে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে অবস্থান করায় প্রশাসনিক কার্যক্রমে আরও স্থবিরতা দেখা দিয়েছে।
অভিযোগ রয়েছে, ইউনিয়ন পরিষদের সচিব নিয়মিত উপস্থিত না থাকায় অধিকাংশ সময় সহকারীদের মাধ্যমেই কার্যক্রম পরিচালিত হচ্ছে। ফলে জন্মনিবন্ধন, নাগরিক সনদ, প্রত্যয়নপত্রসহ বিভিন্ন সেবা গ্রহণে সাধারণ মানুষকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে এবং নানা ধরনের বিড়ম্বনার শিকার হতে হচ্ছে।
এছাড়া ইউনিয়ন পরিষদের সদস্যদের (মেম্বার) মধ্যে সমন্বয় ও পারস্পরিক বোঝাপড়ার অভাব রয়েছে বলেও অভিযোগ করেছেন স্থানীয়রা। এ কারণে উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্পের কাজেও কাঙ্ক্ষিত অগ্রগতি নেই। অনেক প্রকল্পের কাজ শুরু হলেও তা ধীরগতিতে চলছে, আবার কিছু প্রকল্প বাস্তবায়ন নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
স্থানীয় বাসিন্দারা দ্রুত ইউনিয়ন পরিষদে কার্যকর নেতৃত্ব নিশ্চিত, নিয়মিত প্রশাসনিক তদারকি বৃদ্ধি এবং জনপ্রতিনিধিদের মধ্যে সমন্বয় প্রতিষ্ঠার মাধ্যমে জনদুর্ভোগ নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাদের বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে এবং ইউনিয়ন পরিষদের স্বাভাবিক কার্যক্রম পুনরায় সচল হবে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *