বুলবুল আহমেদ
নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনা সদর উপজেলার ৮নং কাইলাটী ইউনিয়নে ২০২৫-২৬ অর্থবছরের গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ অর্থবছরের শেষ সময়ে এসে শুরু হওয়ায় এলাকাজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। বেশ কয়েকটি প্রকল্পের কাজ এখনও চলমান থাকায় প্রকল্প বাস্তবায়নের সময় ও মান নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।
এ নিয়ে নেত্রকোনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নিকট একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন কাইলাটী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আজিজ। অভিযোগে তিনি প্রকল্প বাস্তবায়নে বিলম্ব এবং কাজের গুণগত মান নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
এ বিষয়ে জানতে চাইলে নেত্রকোনা সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ আজিজুর রহমান বলেন, “প্রকল্পগুলোর কাজ চলমান রয়েছে। আমরা চেষ্টা করছি চলতি অর্থবছরের মধ্যেই সব কাজ সম্পন্ন করতে। তবে নির্ধারিত সময়ের মধ্যে কোনো প্রকল্পের কাজ শেষ না হলে অসমাপ্ত কাজগুলো ক্লোজ করা হবে।”
এদিকে অর্থবছরের একেবারে শেষ পর্যায়ে এসে উন্নয়ন কাজ শুরু হওয়ায় প্রকল্প বাস্তবায়ন প্রক্রিয়ার স্বচ্ছতা ও কার্যকারিতা নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। সংশ্লিষ্টদের দাবি, জনস্বার্থে প্রকল্পগুলোর কাজ দ্রুত ও মানসম্মতভাবে সম্পন্ন নিশ্চিত করা জরুরি।
