হারুন উর রশীদ
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে মাদক সেবনের অপরাধে খোরশেদ আলম (২৮) নামের এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন এ সাজা প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত খোরশেদ আলম উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের দাসপাড়া গ্রামের আব্দুস সালামের ছেলে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে সাধুরপাড়া ইউনিয়নের দাসপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। অভিযানকালে মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করা হয় খোরশেদ আলমকে। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং একই সাথে অর্থদণ্ড প্রদান করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন জানান, যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে এবং এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে মাদকবিরোধী এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
