বুলবুল আহমেদ
নেত্রকোণা প্রতিনিধি

নেত্রকোণার পূর্বধলায় হামলা, বসতঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে ১২টার দিকে উপজেলার বাড়িয়ল বাজারে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ওয়েদ আলী, দুলাল মিয়া, মো. ইদ্রিস আলী, মো. শহীদ মিয়া ও মো. আবুল কাশেমসহ স্থানীয়রা বক্তব্য দেন।

বক্তারা বলেন, তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে বাইরে থেকে লোকজন এনে একটি পরিবারের ওপর হামলা, মারধর ও ভাঙচুর চালানো হয়েছে। একই সঙ্গে বসতঘরে লুটপাটের ঘটনাও ঘটেছে। তারা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

ভুক্তভোগী খোকন মিয়া অভিযোগ করে বলেন, গত ৬ আগস্ট দুপুরে তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে শালথী গ্রামের একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে তাঁর বাড়িতে হামলা চালায়। এ সময় তাঁকে, তাঁর স্ত্রী ফিরোজা আক্তার ও জুলেখাকে মারধর করে আহত করা হয়। পরে হামলাকারীরা বসতঘরের দরজা-জানালা ও আসবাবপত্র ভাঙচুর করে।

খোকন মিয়ার দাবি, হামলাকারীরা একটি স্টিলের ট্রাঙ্ক ভেঙে নগদ ১০ লাখ টাকা এবং একটি সুকেস থেকে প্রায় ৩ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার নিয়ে যায়। এছাড়া ভাঙচুরের ঘটনায় আরও প্রায় ১ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

আহতদের নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে বলেও জানান খোকন মিয়া।

এ ঘটনায় খোকন মিয়া বাদী হয়ে পূর্বধলা থানায় ১৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

মানববন্ধনে বক্তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, হামলা ও লুটপাটের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *