ময়মনসিংহের নান্দাইলে তিন বছরের শিশুকন্যার সামনে এক নারীকে দলবদ্ধ ধর্ষণের নৃশংস ঘটনার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪। সোমবার বিকাল ৫টা ২৫ মিনিটে ফেনী সদর থানার বিরলী বাজার এলাকা থেকে আসামি কাজলকে (৩৫) গ্রেফতার করা হয়।

র‍্যাব-১৪ জানায়, গত ২০ এপ্রিল রাতে নান্দাইল উপজেলায় এ বর্বর ঘটনা ঘটে। ঘটনার পরপরই সিপিএসসি, র‍্যাব-১৪ ছায়া তদন্ত শুরু করে। গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় সিপিসি-১, র‍্যাব-৭ ফেনী ক্যাম্পের সহযোগিতায় অভিযান চালিয়ে প্রধান আসামিকে ধরা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কাজল ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে।

*যেভাবে ঘটনা ঘটে*
ভুক্তভোগী ২৬ বছর বয়সী নারী সহজ-সরল প্রকৃতির। তার শ্বশুর-শাশুড়ি ভালুকায় গার্মেন্টসে চাকরি করেন। ১৯ এপ্রিল তিনি শ্বশুর-শাশুড়ির সাথে দেখা করতে ভালুকা না গিয়ে ভুল করে নান্দাইল চৌরাস্তায় চলে যান। রাত সাড়ে ১১টার দিকে তিন বছরের মেয়েকে নিয়ে সেখানে দাঁড়িয়ে ছিলেন। এসময় অটোরিকশা নিয়ে আসা কাজল বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাকে গাড়িতে তোলে। পরে হাওরের নির্জন এলাকায় নিয়ে কাজলসহ ৪-৫ জন মিলে ২০ এপ্রিল রাত ১২টা ১০ থেকে ভোর সাড়ে ৪টা পর্যন্ত শিশুটির সামনেই ভুক্তভোগীকে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা অসুস্থ অবস্থায় মা ও শিশুকে উদ্ধার করে বাড়িতে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। ওই সময় কাজল ঘটনাস্থলে গেলে ভুক্তভোগী তাকে শনাক্ত করেন। তখন আসামি দ্রুত পালিয়ে যায়।

*মামলা ও পরবর্তী পদক্ষেপ*
এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে ২৬ এপ্রিল নান্দাইল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯(৩) ধারায় মামলা করেন। মামলা নং-২৪।

গ্রেফতারকৃত আসামিকে আইনগত ব্যবস্থার জন্য তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। র‍্যাব জানিয়েছে, ঘটনায় জড়িত বাকি আসামিদের ধরতে অভিযান চলছে।

*র‍্যাবের বক্তব্য*
র‍্যাব-১৪ এর সিপিএসসির কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সামসুজ্জামান বলেন, নারীর নিরাপত্তা ও অপরাধ দমনে র‍্যাব-১৪ তৎপর। এ ধরনের ন্যাক্কারজনক ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

উল্লেখ্য, ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচার হয়।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *