মোঃ মানিক মিয়া
বিশেষ প্রতিনিধি
২৬ জুলাই, মাদকের বিরুদ্ধে চলমান কঠোর অবস্থানের অংশ হিসেবে রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) তাজহাট থানা পুলিশের বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, উপ-পুলিশ কমিশনার (অপরাধ) এর সার্বিক নির্দেশনা, সহকারী পুলিশ কমিশনার (কোতয়ালী জোন) এবং তাজহাট থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে শনিবার (২৫ জুলাই) রাত ৯টা ২০ মিনিটে তাজহাট থানাধীন ৩১ নম্বর ওয়ার্ডের শেখপাড়া আফতাবিয়া সুন্নি দাখিল মাদ্রাসা সংলগ্ন দর্শনা থেকে পানবাড়ী পাকা সড়কে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে মোঃ আরিফুল ইসলাম (৩৬) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১ (এক) কেজি গাঁজা উদ্ধার ও জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ হাজার টাকা।
গ্রেফতারকৃত আরিফুল ইসলাম তাজহাট থানাধীন মধ্য ঘাঘটপাড়া এলাকার বাসিন্দা। এ ঘটনায় তাজহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামীকে থানা হাজতে রাখা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে সোপর্দের প্রক্রিয়া চলমান রয়েছে।
রংপুর মেট্রোপলিটন পুলিশের এ ধরনের ধারাবাহিক অভিযান নগরীতে মাদক নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অপরাধ ও মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
