সৈয়দ মুনিরুল হক নোবেল
পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সারাদেশে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে জামালপুরে এ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার দুপুরে জামালপুর সরকারি শিশু পরিবার চত্বরে জামালপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বৃক্ষের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বৃক্ষ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, মানুষের জীবন ও জীবিকার সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত। আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য ও সবুজ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী, সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুল হক, জামালপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজনীন আখতার, সহকারী কমিশনার (ভূমি) তানভীর হায়দারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিরা বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন এবং পরিবেশ সংরক্ষণে ব্যাপকভাবে বৃক্ষরোপণের আহ্বান জানান।
উল্লেখ্য, কেন্দ্রীয় কর্মসূচির আওতায় আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণের মাধ্যমে দেশের সবুজায়ন বৃদ্ধি এবং পরিবেশ সুরক্ষার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *