মোঃ শিহাব উদ্দিন
গোপালগঞ্জ জেলা প্রতিনিধি

গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা থেকে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল পেয়ে দুইটি অসহায় বিড়ালছানাকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের একটি দল। এ সময় পুলিশের একটি চৌকস দল ঘটনাস্থলে উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা প্রদান করে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণের একটি ঝুঁকিপূর্ণ স্থানে আটকে থাকা বিড়ালছানাগুলো দেখতে পান হাসপাতালের পাম্প অপারেটর মো. শাহাবুদ্দিন সুজা। পরে তিনি তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানান।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সদস্যরা অত্যন্ত সতর্কতার সঙ্গে উদ্ধার অভিযান পরিচালনা করেন। ফায়ার সার্ভিস কর্মীদের দক্ষতায় অল্প সময়ের মধ্যেই নিরাপদে উদ্ধার করা হয় বিড়ালছানাগুলো। উদ্ধারকাজ চলাকালে পুলিশের একটি চৌকস দল পরিস্থিতি পর্যবেক্ষণ ও নিরাপত্তা নিশ্চিত করে।

উদ্ধার শেষে বিড়ালছানাগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে দেওয়া হয়। এ মানবিক ও দায়িত্বশীল উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন মেডিকেল কলেজ হাসপাতালের কর্মচারী ও প্রত্যক্ষদর্শীরা। তারা জানান, জরুরি মুহূর্তে ফায়ার সার্ভিস ও পুলিশের দ্রুত সাড়া ও সমন্বিত সহযোগিতা প্রশংসার দাবি রাখে।

উল্লেখ্য, মানুষ ও প্রাণী—উভয়ের জীবন রক্ষায় ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিতভাবে এমন মানবিক উদ্ধার কার্যক্রম পরিচালনা করে আসছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *