মোঃ শিহাব উদ্দিন
গোপালগঞ্জ জেলা প্রতিনিধি

গোপালগঞ্জে সামাজিক শান্তি, সম্প্রীতি ও সহনশীলতা বজায় রাখতে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “সামাজিক শান্তি রক্ষায় করণীয়” শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সিসিডিবি-সিপিআরপি, গোপালগঞ্জের প্রশিক্ষণ কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় সামাজিক নেতা, সুশীল সমাজের প্রতিনিধি, ধর্মীয় নেতা, শিক্ষক, সাংবাদিক এবং সিসিডিবি ফোরামের নেতৃবৃন্দ অংশ নেন। এতে সভাপতিত্ব করেন সিসিডিবি-সিপিআরপি গোপালগঞ্জের এরিয়া ম্যানেজার শাশ্বতী নাগ। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রশিক্ষক হালিমা খানম। শুভেচ্ছা বক্তব্য দেন কর্মসূচি কর্মকর্তা ইকবাল হোসেন মিঠু ও হিসাবরক্ষণ কর্মকর্তা মোর্শেদা বেগম।
কর্মশালায় বক্তারা বলেন, সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। বিশেষ করে তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি জরুরি। তারা সামাজিক সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও মানবিক মূল্যবোধ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা নিজ নিজ অভিজ্ঞতা তুলে ধরে সামাজিক শান্তি প্রতিষ্ঠায় একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। পরে দলীয় কাজ ও প্রদর্শনীর মাধ্যমে সামাজিক শান্তি বিনষ্টের কারণ এবং তা প্রতিরোধে করণীয় বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হয়।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রঘুনাথপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সরোজ কান্তি বিশ্বাস, যুগশিখা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরিশংকর বিশ্বাস এবং এনটিভির গোপালগঞ্জ প্রতিনিধি ও টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ মাসুদ পারভেজ।
এ ছাড়া উপস্থিত ছিলেন রঘুনাথপুর হাইস্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক স্বপন কুমার বিশ্বাস, পুরোহিত রবীন্দ্রনাথ চক্রবর্তী, ইমাম হাফেজ মো. মহসিন, মিয়াপাড়া শিওন এজি চার্চের পাস্টর রেভা. নেলসন নীলরতন বিশ্বাস, সাংবাদিক প্রতিনিধি এবং সিসিডিবি-সিপিআরপি গোপালগঞ্জ উপজেলা নেটওয়ার্ক ও ফোরামের নেতৃবৃন্দ।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *