গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
ট্রাকে বালু-মাটি বহনের ক্ষেত্রে কাপড় বা ত্রিপল দিয়ে ঢেকে বহন করার কথা। কিন্তু স্থানীয় ব্যবসায়ীরা তা কিছুতেই মানছেন না।গাইবান্ধার গোবিন্দগঞ্জের আঞ্চলিক সড়কগুলোতে খোলা ট্রাকে করে বালু-মাটি বহন করা হচ্ছে। এতে বালু-ধূলিকণা বাতাসে মিশে বায়ু দূষণ করছে। বালুকণা বাতাসে উড়ে গিয়ে সড়ক দিয়ে চলাচলকারী যানবাহনের যাত্রী ও পথচারীদের চোখে মুখে পড়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ বিষয়ে কোন ব্যবস্থা নিচ্ছেনা কর্তৃপক্ষ।
এলাকাবাসী জানান, উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের বেতারা এলাকায় করতোয়া নদীর বাঁধের আশপাশ এলাকা থেকে বালু তুলে ও মাটি কেটে ট্রাকে করে আরআরপি মুরগিফার্মসহ গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক সড়ক দিয়ে বিভিন্নস্থানে বহন করা হচ্ছে। এই বালু-মাটি বিভিন্ন বসতবাড়ির ভিটা উঁচুকরণ, গর্ত ভরাটসহ ইটভাটার কাজে নেওয়া হয়। নিয়ম অনুযায়ী, ট্রাকে বালু-মাটি বহনের ক্ষেত্রে কাপড় বা ত্রিপল দিয়ে ঢেকে বহন করার কথা। কিন্তু বালু-মাটি ব্যবসায়ীরা তা কিছুতেই মানছেন না। ফলে চলন্ত ট্রাক থেকে বালু-ধূলিকণা উড়ে সড়কে চলাচলকারী মানুষের চোখমুখে লাগছে। এতে স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন তাঁরা। এ ছাড়া মোটরসাইকেলের চালকদের এ কারণে দুর্ঘটনার শিকার হওয়ার ঘটনাও ঘটছে।স্থানীয় লোকজন জানান, বালু ব্যবসায়ীরা স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় কেউ কিছু বলতে সাহস পান না। আবার যানবাহনের চালক বা সহকারী এ বিষয়ে প্রতিবাদ করতে গেলে উল্টো গালিগালাজের শিকার হতে হয়।
স্থানীয় বাগদা বাজারের ব্যবসায়ী আব্দুল খালেক বলেন, সড়কে চলাচলকারী বালুর গাড়ী থেকে বাতাসে বালু উড়ে চোখমুখে লাগে। চালকদের সঙ্গে কথা বলতে গেলে তারা উল্টো আমাদের ধমক দেয়। গ্রামের ভেতরেও চলে তারা বেপরোয়া।তিনি আরও বলেন, রোজা থেকে মানুষ বাজারে আসেন। অনেকে ঝামেলায় জড়াতে চান না বলে চুপচাপ সহ্য করে সবাই চলে যান।
রফিকুল ইসলাম নামে এক ব্যবসায়ী বলেন, এসব অবৈধ গাড়ীর পেছনে বা সামনের কোথাও নম্বর নেই। নম্বরবিহীন ট্রাকগুলো বালু বোঝাই করে দ্রতগতিতে বাজারের ওপর দিয়ে চলাচল করে। এতে শুধু বাজার নয় রাস্তায় চলাচল করা কঠিন হয়েছে।
চালক আব্দুল আলীম বলেন, আমরা তো বহুদিন ধরে এভাবেই খোলা গাড়িতে করে বালু-মাটি আনানেওয়া করি।চলন্ত পথে মাঝেমধ্যে পথচারীদের কিছু সমস্যা হলেও বড় ধরনের সমস্যা হয়নি। তবে বালু কাপড় দিয়ে ঢেকে রাখলে হয়তো এ সমস্যা হতো না।
এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানার ওসি শামসুল আলম শাহ্ বলেন, খোলা ট্রাকে বালু পরিবহন জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং পরিবেশ দূষণ করছে। তিনি বলেন, চলাচলে এভাবে বিঘ্ন সৃষ্টি করা, পরিবেশ ও বায়ুদূষণের বিষয়টি দন্দবিধির ২৯১ ধারায় শাস্তিযোগ্য অপরাধ। এ ক্ষেত্রে ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেল, জরিমানা করতে পারেন।
উপজেলা নির্বাহী অফিসার রাসেল মিয়া বলেন, এ বিষয়ে ব্যবস্থা নিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বলা হয়েছে।
