মোঃ মানিক মিয়া
বিশেষ প্রতিনিধি
রংপুর মহানগরীর হাজীরহাট থানায় সংবাদকর্মীদের তথ্য প্রদানে অসহযোগিতার অভিযোগ উঠেছে এসআই (নিঃ) মোঃ আব্দুল সালাম মিয়া এর বিরুদ্ধে। এ ঘটনায় রংপুরের সাংবাদিক সমাজের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।
জানা যায়, হাজীরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শরিফুল ইসলাম ছুটিতে থাকায় থানার দায়িত্ব পালন করছেন এসআই (নিঃ) মোঃ আব্দুল সালাম মিয়া। অভিযোগ রয়েছে, গত ১৯ মে মঙ্গলবার গ্রেফতার হওয়া আসামিদের তথ্য জানতে চাইলে তিনি সাংবাদিকদের সঙ্গে অসহযোগিতামূলক আচরণ করেন।
সংবাদকর্মীদের দাবি, ২০ মে বুধবার পর্যন্ত গ্রেফতারকৃত আসামিদের বিষয়ে কোনো তথ্য প্রদান করা হয়নি। এমনকি তথ্য দেওয়া হবে না বলেও জানিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন কয়েকজন সাংবাদিক।
এ ঘটনায় রংপুরের সাংবাদিক সমাজ ক্ষোভ প্রকাশ করে বলেন, জনস্বার্থে সংবাদ সংগ্রহ করতে গিয়ে যদি তথ্য পেতে বাধার মুখে পড়তে হয়, তাহলে তা স্বাধীন সাংবাদিকতার জন্য উদ্বেগজনক।
বিষয়টি সম্পর্কে জানতে চাইলে রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ বলেন, “এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
