সামদানি হোসেন বাপ্পী
ময়মনসিংহ

ঈদ আনন্দকে সামনে রেখে ময়মনসিংহে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন হয়েছে।

মঙ্গলবার বিকেলে নগরীর কাচারীঘাট বালুর চর মাঠে মেলা এন্টারপ্রাইজের আয়োজনে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি ময়মনসিংহ-৪ সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “শিল্প ও বাণিজ্য মেলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি স্থানীয় ব্যবসা-বাণিজ্য ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ একটি প্ল্যাটফর্ম। এ ধরনের আয়োজন স্থানীয় অর্থনীতিকে সচল রাখার পাশাপাশি মানুষের মাঝে উৎসবের আনন্দ ছড়িয়ে দেয়। বিশেষ করে ঈদকে সামনে রেখে এ মেলা সাধারণ মানুষের কেনাকাটায় নতুন মাত্রা যোগ করবে।”

তিনি আরও বলেন, “দেশীয় শিল্প ও পণ্যকে জনপ্রিয় করতে এ ধরনের মেলার বিকল্প নেই। স্থানীয় উদ্যোক্তাদের এগিয়ে নিতে সরকারও বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছে।”

মেলা আয়োজক কমিটির সদস্য বিকাশ দাস জানান, “ঈদ উপলক্ষে পরিবার-পরিজন নিয়ে আনন্দময় সময় কাটানোর সুযোগ করে দিতেই এ মেলার আয়োজন। এখানে দেশীয় বিভিন্ন শিল্পপণ্য, গৃহস্থালি সামগ্রী, পোশাক ও শিশুদের বিনোদনের নানা আয়োজন রাখা হয়েছে।”

তিনি জানান, মেলায় প্রায় ৮০টি স্টল অংশ নিয়েছে। দর্শনার্থীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যের বিষয়টি গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।

উদ্বোধন শেষে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ সদরের সহকারী কমিশনার ভূমি সৈয়দা তামান্না হুরায়রা, মহানগর ছাত্রদলের সভাপতি গোবিন্দ রায়, যুগ্ম সাধারণ সম্পাদক সিজার মজুমদার, ২৯ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক জামাল উদ্দিন আহমেদ, ১৭ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা জামান আবেদীন, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা সালাউদ্দিন চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, আয়োজক কমিটির নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *