মোঃ মানিক মিয়া
বিশেষ প্রতিনিধি

রংপুর মহানগরে মাদক, অনলাইন জুয়া, প্রতারণা এবং বিভিন্ন মামলার আসামিদের বিরুদ্ধে পরিচালিত টানা ৪৮ ঘণ্টার বিশেষ অভিযানে মোট ৩৭ জনকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি)।
বৃহস্পতিবার (৯ জুলাই) আরপিএমপির মিডিয়া সেল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদের সার্বিক দিকনির্দেশনা ও নিবিড় তত্ত্বাবধানে মহানগরের বিভিন্ন এলাকায় এ বিশেষ অভিযান পরিচালিত হয়।
অভিযানে ইয়াবা ও গাঁজাসহ মাদক উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদকসেবী ও মাদক কারবারি, অনলাইন জুয়াড়ি, প্রতারণা মামলার আসামি, মামলার তদন্তে শনাক্ত আসামি এবং বিভিন্ন মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামিদের গ্রেফতার করা হয়।
ডিবি পুলিশের অভিযানে মোট ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে মাদক সেবনের অভিযোগে ৫ জন, ৩০ পিস ইয়াবাসহ ২ জন এবং অনলাইন জুয়া খেলার অভিযোগে ৫ জনকে আটক করা হয়।
এ ছাড়া কোতয়ালী থানা পুলিশের অভিযানে ১৩ জন, তাজহাট থানা পুলিশের অভিযানে ৭ জন, মাহিগঞ্জ থানা পুলিশের অভিযানে ৪ জন এবং হারাগাছ থানা পুলিশের অভিযানে ২ জনকে গ্রেফতার করা হয়েছে।
মাহিগঞ্জ থানা পুলিশ প্রায় ১ কোটি ৪৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা একটি প্রতারণা মামলায় দুইজনকে গ্রেফতার করেছে। একই অভিযানে ইয়াবাসহ একজন এবং গ্রেফতারি পরোয়ানাভুক্ত একজন আসামিকেও আটক করা হয়।
গ্রেফতারকৃত সকল আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে পুলিশ স্কর্টের মাধ্যমে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ বলেন, মাদক, জুয়া, প্রতারণা, সন্ত্রাসসহ সব ধরনের অপরাধ দমনে আরপিএমপির বিশেষ অভিযান আরও জোরদার করা হয়েছে। মহানগরবাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিত ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে রংপুর মেট্রোপলিটন পুলিশ সর্বদা দৃঢ় প্রতিজ্ঞ।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *