হিজলা (বরিশাল) প্রতিনিধি

​ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বরিশালের হিজলা উপজেলার গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা কাউরিয়া হাটবাজারে এক বিশাল পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।

​বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে কাউরিয়া বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদুজ্জামান খান সজলের নেতৃত্বে এই কর্মসূচি পালিত হয়।

​সারাদেশে পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে কাউরিয়া হাটবাজারের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা ও পলিথিন অপসারণ করা হয়। একই সঙ্গে ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং বাজারের ড্রেন ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষকে সচেতন করা হয়।

​অভিযান শেষে কাউরিয়া বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি ও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদুজ্জামান খান সজল বলেন, “ডেঙ্গু প্রতিরোধে শুধু দল কিংবা প্রশাসনের একক উদ্যোগ যথেষ্ট নয়; ব্যক্তি, পরিবার ও সামাজিকভাবে সবাইকে সচেতন হয়ে নিজ নিজ এলাকার পরিবেশ পরিষ্কার রাখতে হবে। কোথাও পানি জমে থাকলে তা দ্রুত অপসারণের পাশাপাশি আমাদের নিয়মিত এই পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যেতে হবে।”

​এ সময় গুয়াবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাহাতাব উদ্দিন কামাল মৃধা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইদুল ইসলাম রিপন খানসহ স্থানীয় বাজার কমিটির নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং সর্বস্তরের জনসাধারণ উপস্থিত থেকে এই পরিচ্ছন্নতা অভিযানে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

​হাটবাজার ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার মাধ্যমে ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে রাখতে ভবিষ্যতেও এমন জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন স্থানীয় নেতৃবৃন্দ।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *