মোঃ মানিক মিয়া
বিশেষ প্রতিনিধি

রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) হাজীরহাট থানার ধারাবাহিক বিশেষ অভিযানে পৃথক তিনটি ঘটনায় জুয়া খেলা ও মাদক সেবনের অভিযোগে চারজনকে আটক করা হয়েছে। অভিযানে তাস, নগদ অর্থ এবং গাঁজা উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে রংপুর মহানগরী পুলিশ আইন, ২০১৮ অনুযায়ী পৃথক নন-এফআইআর প্রসিকিউশন দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, উপ-পুলিশ কমিশনার (অপরাধ) এর নির্দেশনায় হাজীরহাট থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে থানা পুলিশের বিভিন্ন টিম এলাকায় ওয়ারেন্ট তামিল, মাদকবিরোধী অভিযান এবং আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়মিত টহল পরিচালনা করে।
১৪ জুলাই দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে মধ্য বিন্নাটারী এলাকায় একটি মুদি দোকানের পেছনে জুয়া খেলার আসরে অভিযান চালিয়ে আহাদুল ইসলাম (৫৪) নামে একজনকে আটক করা হয়। ঘটনাস্থল থেকে ৫২টি তাস ও নগদ ২০০ টাকা জব্দ করা হয়। এ ঘটনায় রংপুর মহানগরী পুলিশ আইন, ২০১৮-এর ৯৩ ধারায় নন-এফআইআর প্রসিকিউশন রুজু করা হয়েছে।
এর আগে ১৩ জুলাই রাত ৮টা ১০ মিনিটে উত্তম কুঠিয়ালপাড়া এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় রায়হান ইসলাম স্বাধীন (২৮) নামে একজনকে আটক করে পুলিশ। তার বিরুদ্ধে মহানগরী পুলিশ আইন, ২০১৮-এর ৮৭(ঘ) ধারায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
একই দিন রাত সাড়ে ৮টার দিকে উত্তম পূর্বপাড়া এলাকায় একটি ইটভাটার সামনে অভিযান চালিয়ে গাঁজা সেবনের অভিযোগে আপেল বাবু (১৯) ও মাসুদ রানা (১৯) নামে দুই যুবককে আটক করা হয়। তাদের কাছ থেকে দুই পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৪০০ টাকা।
পুলিশ জানিয়েছে, আটক চারজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *