মোঃ নাসিরউদ্দিন
স্টাফ রিপোর্টার
পুলিশ সদস্যদের স্বাস্থ্য সুরক্ষা, কর্মদক্ষতা ও কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ পুলিশ হাসপাতালে চালু করা হয়েছে আধুনিক ফিজিওথেরাপি সেন্টার। একই দিনে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

রবিবার (২৬ জুলাই) বিকেল সাড়ে ৪টায় পুলিশ লাইনস, চাঁপাইনবাবগঞ্জে অবস্থিত পুলিশ হাসপাতালের ফিজিওথেরাপি সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) জনাব মোঃ আশিক সাঈদ।

উদ্বোধনী অনুষ্ঠানে ডিআইজি মহোদয় বলেন, পুলিশ সদস্যরা দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও জনগণের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকেন। তাদের শারীরিক সুস্থতা ও মানসিক প্রশান্তি নিশ্চিত করা হলে দায়িত্ব পালনে আরও গতি, দক্ষতা ও পেশাদারিত্ব বৃদ্ধি পাবে। ফিজিওথেরাপি সেন্টারটি পুলিশ সদস্যদের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে ডিআইজি মোঃ আশিক সাঈদ ও তাঁর সহধর্মিণী মিসেস শামীম আরা হক, উপদেষ্টা, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), রাজশাহী রেঞ্জ—পুলিশ লাইনস প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন।

পরে পুলিশ লাইনস মাঠে অনুষ্ঠিত হয় পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলা। প্রতিযোগিতাপূর্ণ এ খেলায় পুলিশ সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়।

খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার-আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন ডিআইজি মোঃ আশিক সাঈদ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিণী মিসেস শামীম আরা হক।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ডিআইজি মহোদয় বলেন, খেলাধুলা শুধু শারীরিক সক্ষমতা বৃদ্ধি করে না, বরং শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি, পারস্পরিক সহযোগিতা ও দলগত চেতনা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন পুলিশ সদস্যদের আরও সুস্থ, কর্মক্ষম ও মনোবলসম্পন্ন করে গড়ে তুলতে সহায়ক হবে।

অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্য এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পুলিশ সদস্যদের কল্যাণ, স্বাস্থ্য সুরক্ষা ও পেশাগত সক্ষমতা বৃদ্ধিতে চাঁপাইনবাবগঞ্জ পুলিশের এ উদ্যোগ একটি ইতিবাচক ও প্রশংসনীয় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *