চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
দ্বিতীয় সন্তান প্রসবের জন্য সুরানপুরে তার বাবার বাড়ি এসেছিলেন মিতু খাতুন। রোববার (১৯ মে) বিকেলে তারই প্রথম সন্তান ইসরাত জাহান পুকুরে ডুবে যায়। এতে পুরো পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
ঘটনাটি ঘটেছে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার গোহালবাড়ি ইউনিয়নের সুরানপুর গ্রামে। শিশু ইসরাত জাহান শিবগঞ্জ উপজেলার বোগলাউড়ি গ্রামের মো. ইমামের মেয়ে।
জানা গেছে, দ্বিতীয় সন্তান প্রসবের জন্য সুরানপুরে তার বাবার বাড়ি এসেছিলেন মোসা. মিতু খাতুন। রোববার বিকেলে তারই প্রথম সন্তান ইসরাত জাহান পুকুরের ধারে খেলছিল। এরপর সবার চোখের আড়াল হলে তাকে খুঁজতে থাকেন পরিবারের সদস্যরা। অনেক খোজাখুঁজির একপর্যায়ে পুকুরের পানিতে তার সেন্ডেল ভেসে থাকতে দেখা যায়। পরে তারা পুকুর থেকে ইসরাতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
ভোলাহাট থানার ওসি সুমন কুমার বলেন, মায়ের সঙ্গে নানার বাড়ি এসে পুকুরের পানিতে ডুবে শিশু ইসরাতের মৃত্যু হয়। আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
