ময়মনসিংহে পৃথক চারটি অভিযানে ইয়াবা উদ্ধার এবং ধর্ষণ মামলার প্রধান আসামিসহ মোট চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪। গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন একজন মাদক কারবারি, দুইজন ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি এবং বিবাহের প্রলোভনে ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত।
র‌্যাব-১৪ জানায়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক নির্মূল এবং বিভিন্ন মামলার পলাতক আসামিদের গ্রেপ্তারে তাদের অভিযান অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে ৭ জুলাই গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ ও ঢাকার বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান পরিচালনা করা হয়।
প্রথম অভিযানে ময়মনসিংহ নগরীর লাইব্রেরি মোড় এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রির সময় মো. নুরুল ইসলাম ওরফে ভূট্রু (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
দ্বিতীয় অভিযানে নগরীর আর কে মিশন রোড এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. মশিউর রহমান ওরফে হিরা (৩০)-কে গ্রেপ্তার করা হয়। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন বলে জানিয়েছে র‌্যাব।
তৃতীয় অভিযানে র‌্যাব-২-এর সহায়তায় ঢাকার শেরেবাংলা নগর এলাকায় অভিযান পরিচালনা করে নেত্রকোনার কেন্দুয়া থানায় দায়ের করা বিবাহের প্রলোভনে ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত মো. রমজান আলী (৩০)-কে গ্রেপ্তার করা হয়।
এছাড়া চতুর্থ অভিযানে ময়মনসিংহের কেওয়াটখালী ময়নার মোড় এলাকায় অভিযান চালিয়ে ডাকাতি প্রস্তুতি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আব্দুল হান্নান (৩৬)-কে আটক করা হয়।
র‌্যাব-১৪ জানিয়েছে, গ্রেপ্তার চার আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ এবং আদালতের পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *