মোঃ নাসিরউদ্দিন
স্টাফ রিপোর্টার
রাজশাহীতে শব্দ দূষণ নিয়ন্ত্রণ এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ জুন) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), রাজশাহী সার্কেলের আয়োজনে রাজশাহী জেলা পুলিশ লাইন্সে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
“মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমাবে জীবন ও সম্পদের ক্ষতি” এবং শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প (৩য় সংশোধিত)-এর আওতায় পুলিশ সদস্য, সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে “সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ-২০২৬” আয়োজন করা হয়।
প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা সড়ক দুর্ঘটনা প্রতিরোধে মোটরসাইকেল আরোহীদের মানসম্মত হেলমেট ব্যবহারের গুরুত্ব এবং যানবাহন নিয়ন্ত্রিত গতিতে চালানোর প্রয়োজনীয়তার ওপর জোর দেন। একই সঙ্গে হাইড্রোলিক হর্নের ব্যবহার পরিহার এবং অপ্রয়োজনে হর্ন না বাজিয়ে শব্দ দূষণ নিয়ন্ত্রণে সকলের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
বক্তারা বলেন, শব্দ দূষণ শুধু পরিবেশের জন্য নয়, মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্যও ক্ষতিকর। তাই শব্দ দূষণ নিয়ন্ত্রণে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি জরুরি।
অনুষ্ঠানে রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ নাঈমুল হাছান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মো. শরিফুল ইসলাম, বিআরটিএ রাজশাহী সার্কেলের কর্মকর্তাবৃন্দসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
রাজশাহী জেলা পুলিশ নিরাপদ সড়ক নিশ্চিতকরণ এবং শব্দ দূষণমুক্ত, বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে এ ধরনের সচেতনতামূলক ও আইনগত কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করে।
