মোঃ নাসিরউদ্দিন
সটাফ রিপোর্টার
রাজশাহীর বিভিন্ন উপজেলার পানের বাজারে বড় ধরনের দরপতন দেখা দিয়েছে। বাজারে সরবরাহ বেড়ে যাওয়া এবং চাহিদা কমে যাওয়ায় পানের দাম তলানিতে নেমে এসেছে। এতে উৎপাদন খরচ তো দূরের কথা, শ্রমিকের মজুরি ও পরিবহন ব্যয়ও তুলতে পারছেন না অনেক পানচাষি।
পানচাষিদের অভিযোগ, কয়েক সপ্তাহ আগেও যে পানের বিড়া ৮০ থেকে ১২০ টাকায় বিক্রি হতো, এখন অনেক ক্ষেত্রে তা মাত্র ৫ থেকে ২০ টাকায় বিক্রি হচ্ছে। ফলে লোকসান গুনে অনেকেই হতাশ হয়ে পড়েছেন।
রাজশাহীর মোহনপুর, দুর্গাপুর, বাগমারা ও পবা উপজেলার বিভিন্ন পানের হাটে একই চিত্র দেখা গেছে। ব্যবসায়ীরা বলছেন, বর্তমানে উৎপাদন বেশি হলেও বাজারে চাহিদা কম থাকায় দাম পড়ে গেছে। এছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে পানের বিক্রি কমে যাওয়ায় পাইকাররাও কম দামে পান কিনছেন।
কৃষি বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, বর্ষা মৌসুমে সাধারণত পানের উৎপাদন বৃদ্ধি পাওয়ায় এ সময় দাম কিছুটা কমে যায়। তবে চাষিদের দাবি, এবারের দরপতন অতীতের তুলনায় অনেক বেশি, তাই ক্ষতি পুষিয়ে নিতে সরকারের সহযোগিতা ও বাজার স্থিতিশীল রাখতে কার্যকর পদক্ষেপ প্রয়োজন।
