মোঃ মানিক মিয়া
বিশেষ প্রতিনিধি
রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) তাজহাট থানা পুলিশ পৃথক দুই অভিযানে যৌন নিপীড়ন ও নিয়মিত মামলার দুই আসামীকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, নাবালিকাকে যৌন পীড়নের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় মোঃ খায়রুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে তাজহাট থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়, কলেজপাড়া এলাকার একটি মাইক্রো গ্যারেজে নিয়ে গিয়ে অভিযুক্ত শিশুটির শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন পীড়ন করে।
এজাহার পাওয়ার পর তাজহাট থানার অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমানের নেতৃত্বে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করা হয়। পরে কলেজপাড়া এলাকা থেকে অভিযুক্ত খায়রুল ইসলামকে গ্রেফতার করে থানায় আনা হয়। ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে এবং আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।
অন্যদিকে, নিয়মিত একটি মামলায় মোঃ আব্দুর রহিম (৩৭) নামে আরও এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। উপ-পুলিশ কমিশনার (অপরাধ) এবং সহকারী পুলিশ কমিশনার (কোতয়ালী জোন)-এর নির্দেশনায় তাজহাট থানা পুলিশ মাহিগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে মাহিগঞ্জ কসাইতুলি এলাকা থেকে তাকে আটক করে।
পুলিশ জানায়, উভয় আসামীকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। বর্তমানে সংশ্লিষ্ট এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
