মোঃ নাসিরউদ্দিন
স্টাফ রিপোর্টার
নওগাঁর মান্দা উপজেলায় জ্বালানি তেল মজুদ ও খুচরা পর্যায়ে অতিরিক্ত দামে বিক্রয় প্রতিরোধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় বিভিন্ন ফিলিং স্টেশন ও খুচরা বিক্রয় কেন্দ্রগুলোতে তদারকি জোরদার করা হয়।
অভিযানকালে উপজেলার বিভিন্ন পেট্রোল পাম্পে মজুত থাকা জ্বালানি তেলের পরিমাণ পরীক্ষা করা হয়। একই সঙ্গে সরকারি নির্ধারিত দামের চেয়ে বেশি দামে তেল বিক্রি করা হচ্ছে কিনা তা খতিয়ে দেখা হয়।
এ সময় খুচরা পর্যায়ে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রির অভিযোগে একটি দোকানকে ৭ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা আদায় করা হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কেউ যেন অবৈধভাবে তেল মজুদ বা অতিরিক্ত দামে বিক্রি করতে না পারে, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।
স্থানীয়দের মতে, এ ধরনের নিয়মিত অভিযান চালু থাকলে বাজারে অস্থিরতা কমবে এবং সাধারণ ভোক্তারা নির্ধারিত দামে জ্বালানি তেল কিনতে পারবেন।
