ঈশ্বরগঞ্জ প্রতিনিধি
বৃহত্তর ময়মনসিংহ বিভাগের ৭৪ বছরের ঐতিহ্যবাহী ইসলামী বিদ্যাপীঠ জামিয়া গাফুরিয়া দারুসসুন্নাহ ইসলামপুর এই মাদ্রাসার তাকমীল (মাস্টার্স) ও হিফজ সমাপনী ২০২৪-২৫ শিক্ষাবর্ষ উপলক্ষ্যে ময়মনসিংহের ইসলামিক সাংস্কৃতিক ফোরাম নাশিদ মিশনের স্পন্সরে এই প্রথম তারানায়ে গাফুরিয়া নামে একটি নাশিদ(গজল) প্রকাশিত হয়েছে। মাদ্রাসার সার্বিক কার্যক্রমসহ ইতিহাস, ঐতিহ্য জনসাধারনের কাছে সহজে উপস্থাপনের উদ্দেশ্যে এই গজল তৈরি করা হয়। ০৪ মিনিট ২৬ সেকেন্ড নাশিদে (তারানা /গজল) মাদ্রাসার প্রতিষ্ঠা কাল থেকে নিয়ে বর্তমান পর্যন্ত বিশেষ অবদানগুলো তুলে ধরা হয়েছে। বিশেষ করে কওমি মাদ্রাসার শত বর্ষের নিয়ম শৃঙ্খলা ও ইতিহাস, ঐতিহ্য অল্প কথায় আকর্ষনীয়ভাবে তুলে ধরা হয়েছে।
গজল তৈরির উদ্যোগ নেন এই প্রতিষ্ঠানের সিনিয়র মুহাদ্দিস হযরত মাওলানা মুফতি শফিকুল ইসলাম দা.বা.। সার্বিক বিষয়ে পরামর্শ দিয়েছেন,প্রতিষ্ঠানের মুহতামিম মহোদয় হযরত মাওলানা মুফতি মাহমুদুল হক আযীযী দা.বা., নায়েবে মুহতামিম হযরত মাওলানা মুফতি আয়াতুল্লাহ রংপুরী দা.বা. ও শাইখুল হাদিস হযরত মাওলানা শওকত আলী দা. বা.। এ ছাড়াও উক্ত উদ্যোগে বিশেষভাবে সহযোগী ছিলেন, এই জামিয়ার শিক্ষা সচিব হযরত মাওলানা মুফতি ইব্রাহীম দা.বা.।
মাদ্রাসার ইতিহাস, ঐতিহ্য বিষয়ক নাশিদটির গীতিকার হাফেজ মাওলানা আবিদ আলী হাসান। তিনি এই প্রতিষ্ঠানের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন। নাশিদটিতে কন্ঠ দিয়েছেন, ‘মিশন ইসলামিক কালচারাল’ এর প্রতিষ্ঠাতা পরিচালক হযরত মাওলানা মাসুম বিল্লাহ তাশফিন ও উনার অন্যান্য সহশিল্পীবৃন্দ। গজল তৈরি শেষে নাশিদ মিশনের ইউটিউব চ্যানেলে( Nasheed Mission) রিলিজ করা হয়। ইতোমধ্যে ‘তারানায়ে গাফুরিয়া’ নামক গজলটি এলাকাবাসী ও ছাত্রদের মাঝে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। আগামী ১৮ ডিসেম্বর (বুধবার), প্রতিষ্ঠানের বার্ষিক মাহফিলে লক্ষ শ্রোতার সামনে উক্ত তারানা ( গজল)টি গাওয়ার প্রস্তুতি নিয়েছে নাশিদ মিশন।
