মোঃ মানিক মিয়া
বিশেষ প্রতিনিধি

রংপুর মহানগরে মাদক নির্মূল ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ধারাবাহিক অভিযান চালিয়ে যাচ্ছে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি)। এরই অংশ হিসেবে হাজীরহাট থানার একটি বিশেষ অভিযানে গাঁজা সেবনের অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৬ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে হাজীরহাট থানাধীন পূর্ব গিলাবাড়ী গ্রামের নদীর পাড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়। উপ-পুলিশ কমিশনার (অপরাধ) এর নির্দেশনায় এবং হাজীরহাট থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) আব্দুস সালাম মিয়ার নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা ওয়ারেন্ট তামিল ও মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে তিনজনকে গাঁজা সেবনের অভিযোগে আটক করেন।
গ্রেফতারকৃতরা হলেন মোঃ বিপ্লব (২১), পলাশ রায় (২০) এবং শ্রী দিপেন চন্দ্র (২০)। তাদের সকলের বাড়ি হাজীরহাট থানা এলাকায়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রংপুর মহানগরী পুলিশ আইন, ২০১৮-এর ৯০ ধারায় হাজীরহাট থানায় নন-এফআইআর প্রসিকিউশন নং-৬৫/২৬, তারিখ ১৬ জুলাই ২০২৬ রুজু করা হয়েছে।
স্থানীয়দের মতে, মাদকবিরোধী এমন নিয়মিত অভিযান তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মাদকের বিরুদ্ধে আরপিএমপির ধারাবাহিক তৎপরতাকে তারা ইতিবাচক হিসেবে দেখছেন।
হাজীরহাট থানা পুলিশ জানিয়েছে, মাদক, অপরাধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে—এমন সব কর্মকাণ্ডের বিরুদ্ধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *