সামদানি হোসেন বাপ্পী
ময়মনসিংহ
‘World Drug Problem: Persisting Issues, New Challenges, Innovative Responses’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬।
এ উপলক্ষে শুক্রবার (২৬ জুন) জেলা প্রশাসন, ময়মনসিংহ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ময়মনসিংহের যৌথ উদ্যোগে ভাষা শহীদ আব্দুল জব্বার স্মৃতি মিলনায়তনে (জেলা পরিষদ) আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার। বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া।
আলোচনা সভায় বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার, সমাজ এবং রাষ্ট্রের জন্যও ভয়াবহ হুমকি। মাদকের বিস্তার রোধে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা, পারিবারিক মূল্যবোধ এবং তরুণ প্রজন্মকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন তারা। নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তিনির্ভর ও উদ্ভাবনী উদ্যোগ গ্রহণেরও আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. সাইফুর রহমান। সমাপনী বক্তব্যে তিনি বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে প্রত্যেক নাগরিককে সচেতন হতে হবে। সবাই যদি দৃঢ়ভাবে ‘মাদককে না বলি, মাদক গ্রহণ না করি’—এই অঙ্গীকার বাস্তবায়ন করে, তবে একটি সুস্থ, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।
দিবসটি উপলক্ষে আয়োজিত রচনা, চিত্রাঙ্কনসহ বিভিন্ন প্রতি
যোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন। এ সময় শিক্ষার্থী, অভিভাবক, সরকারি কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি, তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে অবহিত করা এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। বক্তারা বলেন, মাদক নির্মূলে সরকার, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টাই হতে পারে একটি নিরাপদ ও সুস্থ বাংলাদেশ গড়ার প্রধান ভিত্তি।
