সামদানি হোসেন বাপ্পী
ময়মনসিংহ
ময়মনসিংহ সদর উপজেলায় কোরবানির পশু যথানিয়মে জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভা কক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম।
তিনি বলেন, কোরবানির পশুর চামড়া দেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সম্পদ। সঠিক নিয়মে পশু জবাই ও চামড়া সংরক্ষণ করা গেলে চামড়ার গুণগত মান বজায় থাকবে এবং দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে। একই সঙ্গে স্বাস্থ্যসম্মত পরিবেশে পশু জবাই, পরিচ্ছন্নতা বজায় রাখা ও পরিবেশ দূষণ রোধে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি।
কর্মসূচিতে মেডিকেল অফিসার, বিভিন্ন মসজিদের ইমাম, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, কসাই, মৌসুমি চামড়া ব্যবসায়ী ও প্রশিক্ষণার্থীরা অংশ নেন।
এতে কোরবানির পশু জবাইয়ের ধর্মীয় ও স্বাস্থ্যসম্মত পদ্ধতি, চামড়া ছাড়ানোর কৌশল, পচন রোধে লবণের ব্যবহার এবং বৈজ্ঞানিক উপায়ে চামড়া সংরক্ষণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
