মো: সজিব আল হাসান
ময়মনসিংহ নগরীর উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ ও নাগরিক সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে গঠিত ‘Citizen Hub’ উদ্যোগের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। একইসাথে শিশু ও কিশোরদের মাঝে বৃক্ষ বিতরণ কর্মসূচি পালন করা হয়।
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্যোগটির উদ্বোধন করেন ময়মনসিংহ সদর-৪ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, এমপি।
উদ্বোধন শেষে তিনি শিশু ও কিশোরদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেন।
এসময় তিনি বলেন,
“বৃক্ষরোপণ শুধু একটি কর্মসূচি নয়, এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করার অঙ্গীকার। তরুণদের এ কাজে সম্পৃক্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
অনুষ্ঠানে বক্তারা জানান, ‘Citizen Hub’ ময়মনসিংহ নগরীর সচেতন নাগরিকদের সমন্বয়ে গঠিত একটি উদ্যোগ, যার মাধ্যমে নগর উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ, প্রযুক্তিনির্ভর নাগরিক সেবা এবং উদ্ভাবনী কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
তারা আরও বলেন, এই উদ্যোগ বর্তমান সরকারের উন্নয়ন ইশতেহার, টেকসই উন্নয়ন লক্ষ্য (SDGs) এবং মাননীয় প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির সাথে সামঞ্জস্যপূর্ণ। নাগরিক অংশগ্রহণের মাধ্যমে একটি পরিকল্পিত, স্মার্ট ও পরিবেশবান্ধব নগর গড়ে তোলাই এর মূল লক্ষ্য।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, তরুণ স্বেচ্ছাসেবী ও এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন। বক্তারা উদ্যোগটি সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন।
