মোঃ নাসিরউদ্দিন
স্টাফ রিপোর্টার

কিশোরী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা, পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ এবং মাসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজশাহীর বাঘা উপজেলার ১০টি বিদ্যালয়ে স্যানিটারি ভেন্ডিং মেশিন সরবরাহ ও স্থাপন করা হয়েছে।
২০২৫-২৬ অর্থবছরের এডিপির অর্থায়নে বাস্তবায়িত এ উদ্যোগের আওতায় শিক্ষার্থীরা বিশেষ সময়ে স্বল্প মূল্যে এবং সহজেই স্বাস্থ্য সুরক্ষার প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করতে পারবে। এর ফলে বিদ্যালয় পর্যায়ে মেয়েদের স্বাস্থ্যবিষয়ক সেবা প্রাপ্তি আরও সহজ হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
এ উপলক্ষে রহমতউল্লাহ বালিকা উচ্চ বিদ্যালয় ও মনিগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ে স্যানিটারি ভেন্ডিং মেশিনের কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের সঙ্গে হাইজিন, মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা এবং নারী স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
আলোচনায় বক্তারা বলেন, মাসিক একটি স্বাভাবিক শারীরবৃত্তীয় প্রক্রিয়া। এ বিষয়ে লজ্জা বা সংকোচ না রেখে শিক্ষার্থীদের সচেতন হতে হবে এবং স্বাস্থ্যসম্মত উপকরণ ব্যবহার নিশ্চিত করতে হবে। বিদ্যালয়ে স্যানিটারি ভেন্ডিং মেশিন স্থাপনের ফলে শিক্ষার্থীরা প্রয়োজনের সময় সহজেই স্যানিটারি ন্যাপকিন সংগ্রহ করতে পারবে, যা তাদের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সংশ্লিষ্টরা জানান, শিক্ষার্থীদের স্বাস্থ্যবান্ধব ও নিরাপদ শিক্ষা পরিবেশ গড়ে তুলতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *