বিশেষ প্রতিনিধি
গোপালগঞ্জ
গোপালগঞ্জে এক সাংবাদিককে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভুয়া আইডি খুলে মানহানিকর পোস্ট ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, টুঙ্গিপাড়া এলাকার এক ব্যক্তি “সারা বাংলাদেশ এর নিউজ” নাম ব্যবহার করে একটি ফেসবুক আইডি খুলে দীর্ঘদিন ধরে বিভিন্ন সাংবাদিক ও সাধারণ মানুষের ছবি, তথ্য ও সংবাদ সংগ্রহ করে বিকৃতভাবে প্রকাশ করে আসছেন। এতে অভিযোগকারী সাংবাদিক ও তাঁর সহকর্মীদের মানহানি হচ্ছে বলে দাবি করা হয়েছে। পাশাপাশি ওই আইডি থেকে নিয়মিত ইনবক্সে হুমকি দেওয়ার ঘটনাও ঘটছে বলে অভিযোগ রয়েছে।
এদিকে, “সারা বাংলাদেশ এর নিউজ” নামের ওই আইডি থেকে সাংবাদিক বিশ্বজিৎ চন্দ্র সরকারকে ইনবক্সে প্রাণনাশের হুমকি ও অর্থ দাবি করা হয় বলে জানা গেছে। বিষয়টি তিনি ও তাঁর সহকর্মীরা সংবাদ আকারে প্রকাশ করলে আইডির নাম পরিবর্তন করে “সমায়ের সংবাদ নিউজ” রাখা হয় এবং নতুন লিংক সংযুক্ত করা হয়। তবে নাম পরিবর্তন করা হলেও আগের সব পোস্ট অপরিবর্তিত রয়েছে বলে জানা গেছে।
সোমবার (১৬ মার্চ ২০২৬) ওই আইডি থেকে আবারও বিশ্বজিৎ চন্দ্র সরকারের কাছে ইনবক্সে অর্থ দাবি করে বিভিন্ন শর্ত দেওয়া হয়। শর্ত না মানলে এবং বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানালে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
সাংবাদিক বিশ্বজিৎ চন্দ্র সরকার জানান, তিনি ন্যাশনাল প্রেস সোসাইটি (এনপিএস)-এর গোপালগঞ্জ জেলা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় দীর্ঘদিন ধরে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আসছেন।
তিনি বলেন, “একটি ভুয়া ফেসবুক আইডি থেকে আমাকে নিয়ে পরিকল্পিতভাবে মানহানিকর পোস্ট করা হচ্ছে। একই সঙ্গে ইনবক্সে অর্থ দাবি ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক।”
তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নিজের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। একই সঙ্গে ওই আইডির পরিচালনাকারীকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ বিষয়ে তিনি গোপালগঞ্জ জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করেছেন।
সর্বশেষ তিনি দেশবাসী ও গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে এ ধরনের হয়রানি ও হুমকির ঘটনায় সবাইকে সচেতন ও সোচ্চার ভূমিকা পালন করতে হবে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *