বিশেষ প্রতিনিধি
রাজশাহীর পুঠিয়া যাত্রী ছাউনিতে দূর-দূরান্ত থেকে আগত সাধারণ যাত্রীদের দুর্ভোগ লাঘবে এক অনন্য ও সময়োপযোগী পদক্ষেপ নেওয়া হয়েছে। যাত্রীদের সুবিধার কথা চিন্তা করে স্থানীয় যাত্রী ছাউনিতে বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করার পাশাপাশি বৈদুুতিক বাল্ব ও মোবাইল চার্জিং পোর্ট স্থাপন করা হয়েছে।
পুঠিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশের বিশেষ নজরদারি ও সার্বিক পরিকল্পনায় এ উদ্যোগ বাস্তবায়িত হয়।
দীর্ঘদিন ধরে সন্ধ্যা নামলেই যাত্রী ছাউনিটি অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ত, যার ফলে রাতের বেলায় যাতায়াতকারী নারী, শিশুসহ সাধারণ যাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকত। একই সাথে দূরযাত্রার পথিমধ্যে মোবাইল ফোনের চার্জ শেষ হয়ে গেলে যাত্রীদের পড়তে হতো চরম ভোগান্তিতে। এই প্রশংসনীয় উদ্যোগের ফলে যাত্রী ছাউনিতে রাতের আলো নিশ্চিত হওয়ার পাশাপাশি যাত্রীরা তাদের প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে মোবাইল চার্জ দেওয়ার সুবিধা পাচ্ছেন।
প্রশাসনের এই ব্যাতিক্রমী ও জনকল্যাণমূলক পদক্ষেপে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও দূর-দূরান্তের পথচারীরা। তাদের মতে, কোনো বড় অবকাঠামোগত পরিবর্তন না করেও শুধুমাত্র সদিচ্ছা দিয়েই যে জন দুর্ভোগ কমানো যায়, এই উদ্যোগটি তারই বাস্তব প্রমাণ।
এ বিষয়ে স্থানীয় সাধারণ মানুষ উপজেলা প্রশাসনের এ ধরনের জনমুখী কাজের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে সন্তোষ প্রকাশ করেছেন। শিক্ষা, শৃঙ্খলা ও নাগরিক সেবা সহজীকরণের পাশাপাশি যাত্রী সাধারণের সার্বিক নিরাপত্তায় প্রশাসনের এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশা ব্যক্ত করা হচ্ছে।
