রেজাউল ইসলাম
পঞ্চগড় জেলা প্রতিনিধি

পঞ্চগড়ের বোদা উপজেলার উলিপুখুরী দক্ষিণপাড়া (৮ নং ওয়ার্ড) এলাকার ৬৫ বছর বয়সী বিধবা মোছাঃ শরিফা আক্তারের টিনের ঘর গত শুক্রবার (২৭ মার্চ) রাতের কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। ঘরের টিল ছিদ্র হয়ে শিলাবৃষ্টি প্রবেশ করলে তিনি ও তার প্রতিবন্ধী কন্যা মোছাঃ লিলি আক্তার অসহায় অবস্থায় দিন পার করছেন।

দীর্ঘদিন ধরে স্বামী মৃত্যুর পর মোছাঃ শরিফা তার কন্যা লিলির সঙ্গে একাকী বসবাস করছেন। তার দুই ছেলে পরিবারের ব্যস্ততার কারণে নিজ নিজ সংসারে জীবনযাপন করছেন। পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠেছিল ঝড়ের কারণে।

ক্ষতিগ্রস্ত বাড়ির ভিডিও “সত্যের সন্ধানে” ফেসবুক পেজে প্রকাশিত হলে বিষয়টি নজরে আসে তুরস্কের নাগরিক আলতায় আককুছের। তিনি দেবীগঞ্জের ছাত্রদল নেতা শরীফ আহমেদের মাধ্যমে মোছাঃ শরিফা আক্তারের জন্য নতুন ঘর নির্মাণে সহায়তার উদ্যোগ নেন।

৩০ মার্চ রাতে ছাত্রনেতা শরীফ আহমেদ, ‘সত্যের সন্ধানে’-এর অ্যাডমিন লালন সরকারকে সঙ্গে নিয়ে তুর্কি নাগরিকের পাঠানো সহায়তার অর্থ বৃদ্ধা শরিফা ও তার কন্যা লিলি আক্তারের বাড়িতে গিয়ে তুলে দেন। এ সময় তাদের হাতে ১২ হাজার টাকা প্রদান করা হয়। এই সহায়তা পেয়ে বৃদ্ধা শরিফা ও তার কন্যা গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তুর্কি নাগরিক আলতায় আককুছে ও ছাত্রনেতা শরীফ আহমেদকে ধন্যবাদ জানান।

“সত্যের সন্ধানে” ফেসবুক পেজের এডমিন লালন সরকার বলেন, দরিদ্র ও অসহায় মানুষের পাশে যারা সহায়তার হাত বাড়িয়েছেন, আল্লাহ তাদের দীর্ঘায়ু দান করুন এবং এই সহায়তা আরও দ্বিগুণ করুন। বিশেষ ধন্যবাদ তুর্কি নাগরিক ও দেবীগঞ্জ উপজেলার ছাত্রনেতা শরীফ আহমেদকে, যিনি এ কাজে তার মূল্যবান সময় নিয়োজিত করেছেন।

এ বিষয়ে ছাত্রনেতা শরীফ আহমেদ বলেন, আমি গরিব ও অসহায় মানুষের পাশে নিজের সময় ও শ্রম দিয়ে কাজ করতে চাই। একজন বিএনপি’র ছাত্রনেতা হিসেবে আমি চাই আমাদের দল সুসংগঠিতভাবে মানুষের পাশে দাঁড়াক। তুর্কি নাগরিক একজন সৎ ও মানবিক ব্যক্তি, দীর্ঘদিন ধরে অসহায় মানুষের পাশে কাজ করে যাচ্ছেন। আমি কেবল তাদের সহায়তা সঠিকভাবে প্রাপকদের কাছে পৌঁছে দিতে চাই।

সহায়তা পাঠানোর পর ছাত্রনেতা শরীফ আহমেদের মুঠোফোনের মাধ্যমে তুর্কি নাগরিক আলতায় আককুছে ভার্চুয়ালি ওই পরিবারের খোঁজখবর নেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *