বুলবুল আহমেদ
নেত্রকোনা প্রতিনিধি

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে নেত্রকোনার ঐতিহ্যবাহী লক্ষ্মীগঞ্জ হান্নানিয়া দাখিল মাদ্রাসায় প্রথমবারের মতো ম্যানেজিং কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ মে) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। নির্বাচনে মোট ৩০২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
মাদ্রাসা প্রাঙ্গণে সকাল থেকেই ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি চোখে পড়ে। অভিভাবক, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে পুরো এলাকায় এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। নির্বাচনে মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে দাখিল বিভাগ থেকে ২ জন এবং এবতেদায়ী বিভাগ থেকে ২ জন সদস্য নির্বাচিত হন।
নির্বাচিত সদস্যরা হলেন,মো. আরিফুর রহমান সুমন, সাইদুল ইসলাম, আল আমিন ও রুহুল আমিন।
মাদ্রাসার সুপার মো. আনোয়ারুল হক খন্দকার বলেন, “প্রতিষ্ঠালগ্ন ১৯৯২ সাল থেকে এই মাদ্রাসা সুনামের সঙ্গে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। শিক্ষার্থীদের ফলাফলও অত্যন্ত সন্তোষজনক। কিন্তু পর্যাপ্ত একাডেমিক ভবনের অভাবে পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমাদের জোর দাবি,একটি বহুতল একাডেমিক ভবন নির্মাণ এবং শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় বেঞ্চ ও আসবাবপত্রের ব্যবস্থা করা হোক।”
তিনি আরও বলেন, “প্রথমবারের মতো নির্বাচন হওয়ায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আনন্দ লক্ষ্য করা গেছে। সবাই একটি উন্নত ও আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠান গঠনের প্রত্যয়ে একসঙ্গে কাজ করতে আগ্রহী।”
নির্বাচন কমিশনার ও নেত্রকোনা সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুল আওয়াল জানান, “প্রথম নির্বাচন হওয়ায় উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হয়নি। ভবিষ্যতে মাদ্রাসার শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে সকলের আন্তরিক সহযোগিতা প্রয়োজন।”
স্থানীয় সচেতন মহল মনে করছেন, গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত এই নতুন কমিটি মাদ্রাসার শিক্ষা, শৃঙ্খলা ও সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বহুদিনের প্রত্যাশিত এই নির্বাচন প্রতিষ্ঠানটির ইতিহাসে নতুন এক অধ্যায়ের সূচনা করেছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *