মোঃ নাসিরউদ্দিন
স্টাফ রিপোর্টার
চলতি বছরের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন থাই দোকানে শ্রমিকের কাজ করা ফাহিম আলী। কৃতিত্বপূর্ণ রেজাল্ট করেও আর্থিক সংকটের কারণে তার কলেজে ভর্তি হওয়া অনিশ্চিত হয়ে পড়েছে।
বিষয়টি জানতে পেরে অদম্য এই মেধাবীর পাশে দাঁড়িয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। কলেজে ভর্তি ও পড়াশোনা চালিয়ে যাওয়ার পথ সুগম করতে সোমবার (১৭ আগস্ট) নগর ভবনে ফাহিমের হাতে আর্থিক সহায়তা তুলে দেন তিনি।
ফাহিম আলী রাজশাহী মহানগরীর ১৭ নম্বর ওয়ার্ডের বড়বনগ্রাম চকপাড়া এলাকার পিন্টুর ছেলে। পিন্টু রিকশা চালিয়ে সংসারের খরচ জোগান। পরিবারের আর্থিক সংকটের কারণে ফাহিম থাইয়ের দোকানে কাজ করে নিজের পড়ালেখার খরচ জুগিয়েছে। সে ইউসেফ ছোটবনগ্রাম সিটি করপোরেশন টেকনিক্যাল স্কুল থেকে এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছে।
রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন ফাহিমের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। জীবনের প্রতিকূলতা মোকাবিলা করে শিক্ষা অর্জনের মাধ্যমে নিজের স্বপ্ন পূরণের লক্ষ্যে এগিয়ে যাওয়ার জন্য তাকে উৎসাহ দেন তিনি।
