পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সুন্দরদিঘী ইউনিয়নে জমিতে অবৈধভাবে প্রবেশ করে প্রায় ৮০টি মেহগনি গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে দেবীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন জমির মালিক। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সুন্দরদিঘী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের লক্ষ্মীনারায়নী পুকুরপাড়া এলাকার বাসিন্দা মো. নুরুজ্জামান (৪৫) বৃহস্পতিবার (২৩ জুলাই) দেবীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, বৃহস্পতিবার ভোর আনুমানিক ৫টার দিকে চেংঠী বালাপাড়া গ্রামের মো. জহিরুল হক (৬০), মো. ফরহাদ ইসলাম (৪০), মো. ফরিদ ইসলাম এবং আরও কয়েকজন অজ্ঞাত ব্যক্তি তার মালিকানাধীন ও দখলীয় জমিতে প্রবেশ করে দীর্ঘদিন ধরে পরিচর্যা করা মেহগনি গাছ কাটতে শুরু করেন।
তিনি অভিযোগ করেন, ঘটনাস্থলে গিয়ে তিনি অভিযুক্তদের হাতে-নাতে গাছ কাটতে দেখেন। তাকে দেখে তারা গাছগুলো একটি ভ্যানে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করলে তিনি চিৎকার করলে স্থানীয় লোকজন ছুটে আসেন। পরে এলাকাবাসীর সহায়তায় অভিযুক্তদের আটক করা হয় এবং গাছ বহনের জন্য ব্যবহৃত একটি ভ্যানসহ প্রায় ৮০টি মেহগনি গাছ জব্দ করা হয়।
অভিযুক্ত মো. জহিরুল ইসলাম জানান দীর্ঘদিন থেকে এই জমিনে মামলা চলছে আদালত আমাকে রায় ঘোষণা করে দেয়। আমার দখলে থাকা জমিতে গাছ রোপণ করি এখন সব গুলো গাছ কেটে পরিস্কার করে বেগুন চাষ করার সিধান্ত নিয়েছিলাম।
বর্তমানে স্থানীয় ৯নং ওয়ার্ডের (ইউপি) সদস্য মো. রবিউল ইসলাম এর কাছে জব্দ করা গাছ ও ভ্যান হেফাজতে রাখা হয়েছে। যাতে আলামত নষ্ট বা সরিয়ে ফেলা না যায়। ভুক্তভোগী নুরুজ্জামান দাবি করেন, এ ঘটনায় তার উল্লেখযোগ্য আর্থিক ক্ষতি হয়েছে। তিনি অভিযুক্তদের বিরুদ্ধে প্রচলিত আইনে নিয়মিত মামলা গ্রহণ এবং আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুসা মিয়া (ওসি) বলেন, লিখিত অভিযোগ পেয়েছি বিষয়টি তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
