মোঃ মানিক মিয়া
বিশেষ প্রতিনিধি
রংপুর মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সফল অভিযানে শহরের অন্যতম প্রধান ইয়াবা সরবরাহকারী মাসুদুর রহমান টিটু ওরফে মাসুদ রানা টিটু ওরফে টিটু মালকেরু (৪৬) গ্রেফতার হয়েছেন।
পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ-এর নির্দেশনা এবং মহানগর ডিবির ডিসি সনাতন চক্রবর্তী-র সার্বিক তত্ত্বাবধানে রবিবার (২৮ জুন) রাত সাড়ে ১১টার দিকে নগরীর মুন্সিপাড়া এলাকায় অভিযান চালানো হয়।
এসআই প্রণয় কৃষ্ণ মণ্ডলের নেতৃত্বে পরিচালিত অভিযানে টিটুকে ১০ গ্রাম হেরোইন ও ১৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ১২টিরও বেশি মাদক মামলা রয়েছে এবং একাধিক গ্রেফতারি পরোয়ানাও অনিষ্পন্ন অবস্থায় আছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা ও হেরোইন এনে তিনি রংপুর শহরে পাইকারি সরবরাহ করতেন। মাদক কারবারের মাধ্যমে তিনি একাধিক বাড়ি ও গাড়ির মালিক হয়েছেন বলেও তথ্য পাওয়া গেছে।
এর আগে ডিবির অভিযানে গ্রেফতার হওয়া বেশ কয়েকজন খুচরা মাদক ব্যবসায়ী জিজ্ঞাসাবাদে টিটুর নাম প্রধান সরবরাহকারী হিসেবে উল্লেখ করেন। দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারি ও তথ্য বিশ্লেষণের পর অবশেষে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় মহানগর ডিবি।
রংপুর মহানগর পুলিশ বলছে, মাদকের বিরুদ্ধে তাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে।
