নিরব হাসান
ময়মনসিংহ
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় চাঞ্চল্যকর এক ঘটনায় ‘বগার বাজার’-এর চাউল ব্যবসায়ী সুশেন সরকারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার পর তার গোডাউন থেকে প্রায় ১৫ লাখ টাকা লুট করা হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বগার বাজার এলাকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানের গোডাউনে অবস্থান করছিলেন সুশেন সরকার। এ সময় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
হত্যাকাণ্ডের পর দুর্বৃত্তরা গোডাউনে থাকা নগদ প্রায় ১৫ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আতঙ্ক ও উত্তেজনার সৃষ্টি হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। পুলিশ জানায়, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
এদিকে, প্রকাশ্যে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনায় বগার বাজারসহ আশপাশের এলাকায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *